ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুলে সোফায় বসে স্ত্রী, পুত্রবধূকে নিয়ে টাকা গুনে গুনে পেছনে জমা করছিলেন গ্রাহক। হঠাৎ পাশে বসা চোর কৌশলে ৪ লাখ টাকা নিয়ে সটকে পড়ে। এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত রবিবার বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। টাকার হিসাব মিলাতে না পেরে হাউ মাউ করে কাঁদতে থাকেন গ্রাহক মো. জাকির হোসেন ও তার পরিবার। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন কীভাবে তার টাকা চুরি হয়েছে। জাকির হোসেন জানান, পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক ব্যবস্থাপক বলেন, টাকাগুলো গুনে নিন। টাকা গোনা শেষে ৭ লাখ টাকার হিসাব না মেলাতে পেরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে টাকা চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। পূবালী ব্যাংক ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী জানান, একজন গ্রাহক টাকা উত্তোলন করে গণনায় ব্যস্ত ছিলেন। এ সুযোগে প্রতারক চক্রের সদস্য কৌশলে ৪ লাখ টাকার ৪টা বান্ডেল নিয়ে চলে যায়। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি। আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
(0)Comments