নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, 'আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা এই নারায়ণগঞ্জে বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে চাই। সেই সুগন্ধ ছড়িয়ে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রক্রিয়াতেই আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি মহোদয় আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করি।'
নেতাকর্মীদের সতর্ক ও সুসংগঠিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে সরকারের যাতে কোনো বদনাম না হয়, এমন কোনো কর্মকাণ্ডে কেউ অংশ নেবেন না। চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা মাদক সেবন কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, 'আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন। কারও প্রতি কটূক্তি না করে আমাদের দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। বিএনপির দরজা সবার জন্য খোলা, যোগ্যতা অনুযায়ী সবাই মূল্যায়ন পাবেন।'
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব এম এ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারভেজ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবীর, মনির হোসেন খান, আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও হাজী মো. নুরুউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(0)Comments