বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্র্তৃপক্ষ। পাঁচ সদস্যের কমিটিতে রয়েছে- ডিটিও, ডিএমই, ডিএমই (লোকো), ডিইএন-২, ডিএসটিই।
এরআগে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরে মঙ্গলবার (৮ সেপ্টম্বর) সকালে এই কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।
এতে করে ৫ ঘণ্টা ২০ মিনিট বিলম্ব হয় বরেন্দ্র এক্সপ্রেস, চার ঘণ্টা ৫৫ মিনিট বিলম্ব হয় তিতুমীর এক্সপ্রেস, প্রায় ৩৫ মিনিট বিলম্ব হয় নীলসাগর এক্সপ্রেস, ২ ঘণ্টা ২৫ মিনিট বিলম্ব হয় রকেট মেইল। এরমধ্যে বরেন্দ্র এক্সপ্রেস আটকা পড়েছিল সান্তাহার স্টেশনে, আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেস, জয়পুরহাট স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও নাটোর স্টেশনে রকেট মেইল।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান। সান্তাহার স্টেশনে দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে রেললাইন সচল করা হয়েছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত ১১টা ৩০ মিনিটে সান্তাহার থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।
বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করা শর্তে একজন কর্মকর্তা বলেন, কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বোঝা যাবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল।
শাহিনুল আশিক/এসএইচএ
(0)Comments