মাগুরা মেডিকেল কলেজের জন্য বিনামূল্যে ২০ একর জমি দিলেন গ্রামবাসী

মাগুরা মেডিকেল কলেজের জন্য বিনামূল্যে ২০ একর জমি দিলেন গ্রামবাসী
View on original source
Category: Health
Share
Archive
Like
প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেনি। এ অবস্থায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণে এগিয়ে এসেছেন মাগুরা শহরতলীর পারলা ও গোয়ালখালি এলাকার বাসিন্দারা। স্থানীয় অন্তত ৪০ জন ভূমি মালিক স্বতঃপ্রণোদিত হয়ে ২০ একর জমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দানের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার বিকালে ভূমিদাতাদের পক্ষ থেকে জমি দানের অঙ্গীকারনামা মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শহরের বিশিষ্ট ঠিকাদার আনোয়ার হোসেন, ফরিদ হোসেন খান, বিএনপি নেতা আমিনুর রহমান খান পিকুলসহ ভূমিদাতারা উপস্থিত ছিলেন। মাগুরা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী মাগুরায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর পরের বছরের জানুয়ারিতে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয়। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় শুরু থেকেই মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একটি ভবনে অস্থায়ীভাবে চলছে কলেজটির কার্যক্রম। বর্তমানে মেডিকেল কলেজটির তৃতীয় ব্যাচের ইন্টার্নশিপ চলছে। অথচ প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেননি শিক্ষার্থীরা। সূত্র জানায়, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ২০২২ সালে ২৫ একর জমি অধিগ্রহণে ৫৪ কোটি ৭৫ হাজার টাকার প্রশাসনিক অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মাধ্যমে অর্থ বরাদ্দ না হওয়া এবং জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় প্রকল্পটির কার্যক্রম এখনো শুরু হয়নি। এ অবস্থায় মেডিকেল কলেজটির কার্যক্রম এগিয়ে নিতে শহরতলীর পারলা ও গোয়ালখালি মৌজার ভূমিমালিকরা নিজেদের জমি সরকারকে দেওয়ার উদ্যোগ নেন। অন্তত ৪০ জন ভূমি মালিক সম্মিলিতভাবে ২০ একর জমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুদান হিসেবে দেওয়ার অঙ্গীকারনামা দাখিল করেছেন। ভূমিদাতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান খান পিকুল বলেন, মাগুরা মেডিকেল কলেজের জন্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে শহরতলীর পারলা-গোয়ালখালি মৌজায় জমি নির্বাচন করা হয়েছিল; কিন্তু অর্থ ছাড় না হওয়ায় জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় স্থানীয় গ্রামবাসী স্বতঃপ্রণোদিত হয়ে ২০ একর জমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়ার অঙ্গীকার করেছেন। এরই অংশ হিসেবে অঙ্গীকারনামাটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য এলাকাবাসীর এই আগ্রহ বিবেচনায় নিলে একদিকে যেমন দ্রুত ক্যাম্পাস নির্মাণের পথ খুলবে, অন্যদিকে জমি অধিগ্রহণে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে। এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.