কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও সেবা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। বিশেষ করে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা দ্রুত ও সম্মিলিতভাবে সমাধানের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়।পরিদর্শনকালে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-ফারুক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পড়ুন : চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৪ জন স্কুল ছাত্রী আহত
(0)Comments