চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত ও বেওয়ারিশ শিশুদের লালন-পালনকারী প্রতিষ্ঠান 'অপরাজেয় বাংলাদেশ, চট্টগ্রাম'-এর কোতোয়ালি থানাধীন আনসার ক্লাব ইউনিটের ৫৫ জন শিশুর মাসব্যাপী খাদ্য ও আর্থিক সহায়তার দায়িত্ব নিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্লাব ডিরেক্টর ও কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নাজমুল হুদার অর্থায়নে এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের জন্য শুকনো খাদ্যসামগ্রী বিতরণ এবং কাঁচাবাজার ও মাছ-মাংস কেনার জন্য নগদ অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ মানবিক সেবামূলক কার্যক্রমে সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে খাদ্যসামগ্রী কেনার জন্য নগদ ৫০ হাজার টাকার অনুদানও রয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক অঙ্গীকারের অংশ। মানবতার কল্যাণে লায়ন্স সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, এসজেএফ এবং সম্মানিত অতিথি হিসেবে জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা, এমজেএফ উপস্থিত ছিলেন। অপরাজেয় বাংলাদেশের পরিচালক জিনাত আরার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া ও অর্থায়নকারী লায়ন নাজমুল হুদা, এমজেএফ।
অর্থায়নকারী লায়ন নাজমুল হুদা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রয়াস। অন্যদিকে ক্লাব প্রেসিডেন্ট মো. জাহেদ হোসেন মানবসেবায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লায়ন অজয় কুমার বড়ুয়া, জয়দেব চন্দ্র দাস, কুনাল কান্তি বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাছির উদ্দিন, ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার, রফিক আহমদসহ লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আবদুল্লাহ জাহের নাজিব, ভাইস প্রেসিডেন্ট লিও নিলয় দাস ও সদস্য লিও জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।
(0)Comments