৭ সেপ্টেম্বর ২০২৬ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পশুচিকিৎসা সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে 'সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ কর্মসূচি-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার জনাব মোঃ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন-এর ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। কর্মসূচি সঞ্চালনা করেন সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ও কর্মসূচির আহ্বায়ক ড. মোঃ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট বক্স বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাঠ পর্যায়ে মানসম্মত ভেটেরিনারি সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আমার বিশ্বাস, তোমরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবায় দক্ষতার সঙ্গে অবদান রাখবে এবং দেশের সুনাম বয়ে আনবে। "তিনি আরও বলেন, আধুনিক ও দক্ষ ভেটেরিনারি চিকিৎসক তৈরিতে বিশ্ববিদ্যালয় সবসময় যুগোপযোগী শিক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এ কর্মসূচির সহযোগী হিসেবে সার্বিক সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
(0)Comments