নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মো. সোহাগ (২৪) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার সাবল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার সোহাগ ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। বর্তমানে তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার কবির সওদাগরের বাড়িতে বসবাস করতেন।
পটিয়া থানার রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই মো. মাহমুদুল হাসান, পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি সিএনজি অটোরিকশায় অবস্থান করছে। তারা আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়ক থেকে সোহাগকে একটি সিএনজিসহ আটক করা হয়।
পুলিশের দাবি, আটক সোহাগের সঙ্গে থাকা সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯১ দশমিক ৫ সেন্টিমিটার ও ৯১ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠের বাটযুক্ত দুটি রামদা, ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং ১০৪ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার সাবল উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত আরও চারজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন একটি পৃথক সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামলা নম্বর-১৫, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সোহাগকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/ পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।
(0)Comments