সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা 'ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'মেধাবীদের কান্না, আর না আর না'সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নাম্বার ১০ থেকে ৫০ করা মেধাধ্বংসী সিদ্ধান্ত। এর মাধ্যমে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে। বিগত সরকারের আমলে শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়িয়েছি, তেমনি বর্তমান সরকারও যদি মামা-খালু, মন্ত্রীদের সুপারিশ কিংবা দলীয় বাণিজ্যের মাধ্যমে নিয়োগে দলীয়করণ করতে চায়, শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিরোধ করবে।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, ২৪-এর কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। দুঃখের বিষয়, আজ আমাদের ভাইভা কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আমরা সরকারবিরোধী আন্দোলন করতে চাই না। তবে প্রয়োজন হলে আমরা আবার রাজপথে নামব।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, কোটার বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। আমরা পূর্বে যেমন জাগ্রত ছিলাম, এখনো আছি। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
(0)Comments