জ্বালানি তেল আমদানি

জ্বালানি তেল আমদানি
View on original source
Category: Business
Share
Archive
Like
জ্বালানি ছাড়া গাড়ি চলে না। চলে না কলকারখানা। জ্বালানি মানুষের যাপিত জীবনের নিত্য অনুষঙ্গ। বাংলাদেশে জ্বালানি ক্ষেত্রে শুরু থেকেই পরনির্ভর। একসময় চাহিদানুযায়ী গ্যাস উৎপাদন হলেও সেটিও ক্রমে আমদানিনির্ভর হয়ে পড়ছে। গ্যাসক্ষেত্রগুলো থেকে উপজাত হিসেবে পেট্রোল পাওয়া গেলেও এখন চাহিদার উল্লেখযোগ্য অংশ আমদানি করতে হচ্ছে। ডিজেল শতভাগ আমদানিনির্ভর। দেশে কয়লা উত্তোলন হলেও চাহিদার সিংহভাগই আমদানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে। প্রতি বছর বিদেশ থেকে যে পণ্য আমদানি হয় তার সিংহভাগ ব্যয় হয় জ্বালানি বাবদ। জ্বালানি তেলের বাজারে স্বাধীনতার পর থেকে ছড়ি ঘোরাচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কিন্তু ইউক্রেন ও ইরান যুদ্ধ জ্বালানি ক্ষেত্রে যে বৈশ্বিক সংকট সৃষ্টি করেছে তাতে সরকারি প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্বের অন্য সব দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাতকেও কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পেট্রোলিয়াম পণ্য আমদানি, বিতরণ ও বাজারজাতে যুক্ত করতে নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। দেশের বর্তমান জ্বালানিসংকটে বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুুক্ত করে জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার এ উদ্যোগকে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের বাজারে বিপিসির দীর্ঘদিনের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে তেল চুরি, পাচার ও অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এ অবস্থায় বেসরকারি খাতকে পেট্রোলিয়াম ব্যবসায় যুক্ত করলে তারা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখাবার সুযোগ পাবে। এর ফলে দেশে জ্বালানি তেল সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এরই মধ্যে বেসরকারি খাতের অন্তত তিনটি প্রতিষ্ঠান সরকারের সঙ্গে জ্বালানি ব্যবসায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। নীতিমালা চূড়ান্ত হলে এবং সরকারের অনুমোদন পেলে জ্বালানি ক্ষেত্রে সরকারকে যে বোঝা বইতে হচ্ছে, তা থেকে কিছুটা হলেও তারা নিস্তার পাবে। জ্বালানি খাতে সরকার ও বেসরকারি খাতের সুস্থ প্রতিযোগিতা স্বচ্ছতা নিশ্চিত করতেও অবদান রাখবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.