সংবাদদাতা, জলপাইগুড়ি: শিক্ষক দিবসের আয়োজনকে কেন্দ্র করে নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুল। মঙ্গলবার দুপুরে শিক্ষক দিবসের মধ্যাহ্নভোজ ও তার জেরে তৈরি হওয়া ক্ষোভের জেরে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের ওপর হামলার অভিযোগ উঠল একদল ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন-হিন্দু ধর্মীয় দলের সফরের সময় লিঙ্গ-বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে ধর্মঘট, বন্ধ থাকল প্যারিসের আইফেল টাওয়ার
অভিযোগ, সেই আয়োজনে দশম শ্রেণির ছাত্রদের অন্তর্ভুক্ত করা হয়নি। এই বাদ পড়াকে কেন্দ্র করে ছাত্রদের একটি অংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। অন্যদিকে, ছাত্রদের একাংশের পাল্টা দাবি, ক্ষোভের সূত্রপাত হওয়ার পর প্রধান শিক্ষক দশম শ্রেণির কয়েকজন ছাত্রকে মারধর করেছিলেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। প্রধান শিক্ষককে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই নজিরবিহীন পরিস্থিতিতে বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হাতে প্রধান শিক্ষকের নিগৃহীত হওয়ার এই ঘটনায় গোটা জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, জলপাইগুড়ি জেলা স্কুলের ইতিহাসে এই দিনটি এক অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল।
(0)Comments