কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না: লিসা

কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না: লিসা
View on original source
Category: Entertainment
Share
Archive
Like
কে-পপ তারকাদের ব্যক্তিজীবনে নানা বিধিনিষেধের কারণে প্রেমের সম্পর্কও অনেক সময় গোপন রাখতে হয়। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় কে-পপ দল ব্ল্যাকপিংকের সদস্য লিসা। নিজের একক প্রামাণ্যচিত্র 'অলওয়েজ লালিসা'-তে ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অজানা অধ্যায় নিয়ে কথা বলেছেন এই থাই বংশোদ্ভূত তারকা। সেখানে প্রেমের সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিসা বলেন, 'কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না।' ২৯ বছর বয়সী লিসার আসল নাম লালিসা মনোবাল। থাইল্যান্ডে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র ১৪ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। সেখানে ওয়াইজি এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণ শুরু করেন তিনি। প্রশিক্ষণ জীবনের কথা স্মরণ করে লিসা জানান, তখন নিজের মতামত প্রকাশ করতেও ভয় পেতেন। প্রতি মাসে তাকে নিজের পারফরম্যান্সের ভিডিও তৈরি করে কর্মকর্তাদের কাছে জমা দিতে হতো। লিসার ভাষ্য অনুযায়ী, কে-পপ তারকাদের ব্যক্তিগত জীবনের ওপরও কঠোর নজর থাকে। বিশেষ করে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এলে তা ক্যারিয়ার ও দলের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় সম্পর্ক গোপন রাখতে হয়। লিসা জানান, তিনি জীবনে কয়েকবার প্রেমে পড়লেও প্রতিটি সম্পর্কই গোপন রাখতে হয়েছে। তার প্রথম একক স্টুডিও অ্যালবাম 'অল্টার ইগো'-তেও ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ছাপ রয়েছে। অ্যালবামের 'ড্রিম' গানটির পেছনেও রয়েছে তার ব্যক্তিগত গল্প। গানটি প্রকাশের আগে সাবেক প্রেমিকের অনুমতি নিয়েছিলেন লিসা। তিনি গানটি প্রকাশে সম্মতি দিলেও নিজের পরিচয় প্রকাশ না করার শর্ত দিয়েছিলেন। কারণ, গানটি লিসা ও তার সাবেক প্রেমিকের ব্যক্তিগত অনুভূতিকে কেন্দ্র করে তৈরি। এদিকে থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জনও সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই। ২০১৬ সালের ৮ আগস্ট ব্ল্যাকপিংকের যাত্রা শুরু হয়। দলটির প্রথম একক 'হুইসেল' ও 'বুমবায়াহ' দ্রুতই শ্রোতাদের নজর কাড়ে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে চার সদস্যের এই কে-পপ দল। ২০১৮ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার সঙ্গে 'কিস অ্যান্ড মেকআপ' গানটি প্রকাশের পর আন্তর্জাতিকভাবে আরও বড় পরিসরে পরিচিতি পায় ব্ল্যাকপিংক। ২০২০ সালে প্রকাশিত হয় দলটির প্রথম স্টুডিও অ্যালবাম 'দ্য অ্যালবাম'। পরে 'পিঙ্ক ভেনম'-সহ একাধিক হিট গানের মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করে দলটি।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.