বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর। বছরের সেরা ফুটবলারের এই স্বীকৃতি কে পাবেন এখন সেই আলোচনা চলছে। ইতোমধ্যে ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ ব্যালন ডি'অরের বিভিন্ন বিভাগে মনোনয়নপ্রাপ্ত ফুবটলার, কোচ ও দলের নাম ঘোষণা করেছে। যেখানে আছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও। তিনি অবশ্য ব্যালনের প্রচারণায় নামবেন না বলে জানিয়েছেন।
বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন দুই স্প্যানিশ তারকা রদ্রিগো হার্নান্দেজ ও ইয়ামালের কথাও ব্যালনের আলোচনায় জোরালোভাবে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উসমান দেম্বেলেও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালনের তালিকায় জায়গা করে নিয়েছেন।
ব্যালন ডি'অর পুরস্কার ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর। এই সময়ে ক্লাবের হয়ে মৌসুমের শুরুর পর্ব এবং চ্যাম্পিয়ন্স লিগে লড়বে দলগুলো। তবে বিবেচনায় নেওয়া হবে গত মৌসুমের পারফরম্যান্স। ব্যালনের জন্য নির্ধারিত সময় এবং জয়ের সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলছেন, 'বিষয়টি আমার ওপর নির্ভর করছে না, বরং আপনাদের ওপর। বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে আমার পারফরম্যান্স ছিল অসাধারণ। আমার সুযোগ আছে, কারণ বছরটা দারুণ কেটেছে। দেখা যাক কী হয়।'
সর্বশেষ ব্যালনজয়ী দেম্বেলে সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়েছিল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও অবশ্য এই ফরাসি তারকার এবার জয়ের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। তার প্রসঙ্গ ওঠায় ইয়ামাল সংক্ষেপে বললেন, 'সে কিলিয়ানের বন্ধু...তাই না? আমার তাতে কিছু যায় আসে না। গত বছরটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। ওই দুজনের (এমবাপে-দেম্বেলে) বিপক্ষে যখনই খেলেছি, আমি জিতেছি। ফলে তারা হয়তো বিরক্ত হতে পারে। আর উসমানের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো।'
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার) ফেইনুর্দের মুখোমুখি হবে। আর সেদিকেই মনোযোগ ইয়ামালের। এখনও পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার শিরোপা জেতা হয়নি তার। তরুণ এই স্প্যানিশ তারকা বলছেন, 'চ্যাম্পিয়ন্স লিগ আমাদের বড় লক্ষ্য। এরচেয়ে বড় প্রেরণা হতে পারে না। আমরা দৃঢ়ভাবে সেদিকেই মনোযোগ রাখছি। রাফা (রাফিনিয়া) অবিশ্বাস্য অধিনায়ক, এবং এরিক (গার্সিয়া), পেদ্রি…তাদের কাছ থেকে আমি সব সময়ই শিখছি, দলের জন্য যাতে সেরাটা দিতে পারি।'
এএইচএস
(0)Comments