পচা মাংস-ছত্রাক-তেলচিটে হেঁশেল ! কলকাতায় 40 খাবারের দোকানের লাইসেন্স 'সাসপেন্ড'

পচা মাংস-ছত্রাক-তেলচিটে হেঁশেল ! কলকাতায় 40 খাবারের দোকানের লাইসেন্স 'সাসপেন্ড'
View on original source
Category: Health
Share
Archive
Like
কলকাতা, 8 সেপ্টেম্বর: পুজোর মুখে শহরের রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান ! কোথাও মাংসে ছত্রাক, কোথাও পচা-বাসি খাবার, কোথাও আবার রান্নাঘরে তেল-ময়লা আর অস্বাস্থ্যকর পরিবেশ । খাবার রাখার জায়গায় আরশোলা-ইঁদুরের উপদ্রবও নজরে এসেছে কলকাতা পুরনিগমের আধিকারিকদের । এমনকী একটি ক্ষেত্রে বিরিয়ানির মধ্যে দেওয়ালের রঙের চিহ্নও মিলেছে বলে সূত্রের খবর । এক সপ্তাহের খাদ্যসুরক্ষা অভিযানে এমনই নানা অনিয়মের অভিযোগে কলকাতার 40টি খাবারের দোকান, রেস্তরাঁ এবং মিষ্টির দোকানের ফুড লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করার কথা জানাল কলকাতা পুরনিগম । 1 থেকে 7 সেপ্টেম্বর খাদ্যসুরক্ষা সপ্তাহ উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় পুরনিগমের খাদ্যসুরক্ষা শাখা । পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, মোট 592টি জায়গায় অভিযান চালানো হয়েছে । 1,224 কেজি খাবার ও খাবার তৈরির অনুপযোগী কাঁচামাল নষ্ট করা হয়েছে । 161টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । 112টি প্রতিষ্ঠানকে নোটিশও দেওয়া হয়েছে । পুরনিগম সূত্রে খবর, অনিয়মের তালিকায় ছোট দোকানের পাশাপাশি রয়েছে শহরের পরিচিত কিছু খাবারের প্রতিষ্ঠানও । নিজামস, করিমস, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, গিরিশচন্দ্র দে ও নুকুড়চন্দ্র নন্দী, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি প্রতিষ্ঠানের নাম পুর প্রশাসনের প্রকাশিত তালিকায় রয়েছে । তবে এই তালিকা নিয়েই তৈরি হয়েছে কিছু ধোঁয়াশা । কোথাও 'লাইসেন্স সাসপেন্ড', কোথাও আবার 'সাসপেনশন রেকমেন্ডেশন' লেখা হয়েছে । ফলে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে । পুরনিগম অবশ্য জানিয়েছে, অভিযান ও নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে । পুর প্রশাসন সূত্রের খবর, এই অভিযানে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়েছে, তা হল পরিচ্ছন্নতার অভাব । রান্নাঘর থেকে খাবার সংরক্ষণের জায়গা, একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ । কোথাও মেয়াদ পেরোনো উপকরণ, কোথাও ছত্রাক ধরা খাবার, কোথাও নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগ মিলেছে । খাদ্য সংরক্ষণের জায়গায় আরশোলা ও ইঁদুরের উপস্থিতিও ধরা পড়েছে । অভিযানের সময় নামী রেস্তরাঁ থেকে শপিং মলের ফুড কোর্ট, কাউকে ছাড় দেওয়া হয়নি । দক্ষিণ কলকাতার শপিং মল থেকে মধ্য কলকাতার রেস্তরাঁ, ডেকার্স লেন থেকে নিউ মার্কেট- বিভিন্ন এলাকায় হেঁশেলে ঢুকে খাবারের মান, মজুতের পদ্ধতি এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখেছেন পুরনিগমের সদস্যরা । পুর প্রশাসক স্মিতা পাণ্ডের বক্তব্য, এই ব্যবস্থা স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করার জন্য নয় । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি শুধরে খাদ্যসুরক্ষা বিধি মেনে চলার ব্যবস্থা করতে হবে । তার পরে প্রয়োজনীয় আবেদন করলে লাইসেন্স পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে । পুরনিগমের প্রকাশিত তথ্য অনুযায়ী, 'লাইসেন্স বাতিল' বললেও বাস্তবে অনেক ক্ষেত্রেই পদক্ষেপটি সাময়িক সাসপেনশন । পুজো যত এগোবে, ততই বাড়বে রেস্তরাঁ, মিষ্টির দোকান এবং বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে ভিড় । সেই কারণেই অভিযান আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পুরনিগম । ইতিমধ্যেই শহরের সমস্ত রেস্তরাঁর রান্নাঘর পুজোর আগে অন্তত এক বার পরিদর্শনের লক্ষ্য নেওয়া হয়েছে । পুর প্রশাসনের বার্তা, মানুষ টাকা দিয়ে খাবার কিনছেন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বাসও । সেই বিশ্বাসের মর্যাদা রাখা ব্যবসায়ীদের দায়িত্ব । পুজোর বাজারে সেই বিশ্বাসে যাতে ভেজাল, বাসি খাবার কিংবা অস্বাস্থ্যকর রান্নাঘরের ছায়া না পড়ে, সেই লক্ষ্যেই অভিযান চলবে ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.