অভিনেত্রী মৌসুমী আবারও যুক্তরাষ্ট্রে থেকেই নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বলে নিজেই জানালেন বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে। এর আগে যুক্তরাষ্ট্রে তিনি হাসান জাহাঙ্গীরের 'কন্ট্রাক্ট ম্যারেজ' নামের একটি সিনেমায় কাজ করেছিলেন। এবারের সিনেমার নাম 'আ বিউটিফুল লাই'। সিনেমাটি নির্মাণ করবেন 'এক কাপ চা'-খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। আর এর মাধ্যমে প্রবাসের পটভূমিতে নির্মিত একটি নতুন প্রজেক্ট নিয়ে দর্শক-ভক্তদের সামনে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশনে নির্মিত হতে যাচ্ছে থ্রিলারধর্মী কাজ 'আ বিউটিফুল লাই'। দেশে নেয়ামুলের পরিচালনায় আগে কাজের অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম একই ফ্রেমে বন্দি হতে যাচ্ছেন পরিচালক ও নায়িকা। কাজটি নিয়ে রোমাঞ্চিত মৌসুমী বলেন, 'আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। গল্পটি থ্রিলারধর্মী। যা কিছু ঘটছে, একটা পুরো মিথ্যার ওপর ঘটছে। কিন্তু তারপরও ভালো লাগছে সে মুহূর্তটাকে। যে কারণে গল্পটার নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। কিন্তু এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক। নেয়ামুল বরাবরই ভালো কাজ করেন, নির্মাণে যত্ন নেন।' নির্মাতা ও প্রজেক্টটির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে মৌসুমী বলেন, নেয়ামুলের নির্মাণ ভাবনা সব সময়ই সুবিন্যস্ত এবং যত্নশীল। দর্শক যেন শুরু থেকে শেষ পর্যন্ত নতুন একটি স্বাদের গল্প উপভোগ করতে পারেন, সেই প্রচেষ্টাই থাকছে। পুরো প্রজেক্টের কেন্দ্রীয় চালিকাশক্তি ও গল্প মৌসুমীকে ঘিরে সাজানো হয়েছে। ফলে নতুন এই রোড ট্রিপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী দর্শক এবং দেশের অনুরাগীরা পর্দায় একেবারে অন্য এক মৌসুমীর দেখা পেতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা 'মেহের নিগার'-এর কালজয়ী 'সবার জীবনে প্রেম আসে' গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে দেশেই রয়েছেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। প্রবাসে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি টুকটাক শুটিংয়েও অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এরই মধ্যে শোনা গেল তাঁর নতুন সিনেমার খবর।
(0)Comments