সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলে তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, দলীয়ভাবে এ নির্বাচন যাতে না হয় সেজন্য সরকার ইতোমধ্যে আইন পাস করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকারসংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ যে নতুন সরকার আইন হিসেবে জাতীয় সংসদে পাস করেছে বৈঠকে সে বিষয়টি তুলে ধরেছেন মঈন খান।
তিনি বলেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এ পাঁচ আইনে আগে থাকা দলীয় মনোনয়ন এবং জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারী ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ নিয়ে আলোচনা হয়।
এ সময় হাই কমিশনার সুসান রাইল সুশাসন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ক্রমবর্ধমান নগরায়ণে বর্জ্য ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে এ খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ আহ্বান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
বাংলাদেশ জার্নাল/সিএম
(0)Comments