নন্দীগ্রামে সাক্ষরতা দিবসে সবার জন্য শিক্ষা নিশ্চিতের তাগিদ
বগুড়ার নন্দীগ্রামে সবার জন্য শিক্ষা নিশ্চিত করে সাক্ষর, দক্ষ ও পরিবেশ সচেতন 'স্মার্ট বাংলাদেশ' গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে গণমাধ্যম, বেসরকারি সংস্থাসহ সুশীল সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বক্তারা। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা আয়োজন করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। সভাপতিত্ব করেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নার্গিস পারভীন। বক্তারা বলেন, সাক্ষরতাকে কেবল পড়তে, লিখতে ও গণনা করতে পারার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
বিশেষ করে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোরসহ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বৃত্তিমূলক প্রশিক্ষণ ও জীবনমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সাক্ষরতার হার বাড়াতে উল্লেখযোগ্য প্রকল্প নেওয়া হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর সামসুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ কুমার কুন্ডু, মহেশ চন্দ্র দেবনাথ। এতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
(0)Comments