তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১৩ বছর অতিবাহিত হলেও এখনো অভিযোগপত্র তৈরি না হওয়ায় প্রশ্ন তুলেছেন ত্বকীর পিতা রফিউর রাব্বি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণ জানতে চেয়ে দ্রুত বিচার শুরুর দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখেন রফিউর রাব্বি।
রফিউর রাব্বি বলেন, 'বিচার ব্যবস্থা শেখ হাসিনার শাসনামলের চাইতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় নি। সাড়ে ১৩ বছর অতিবাহিত হলেও এখনো ত্বকী হত্যার অভিযোগপত্র তৈরি হয় নি। আমরা জানতে চাই এখন এই বিলম্বের কারণ কি? এখনো কী ঘাতকদের রক্ষার চেষ্টা হচ্ছে কি না? শেখ হাসিনা সরকারের কালো ছায়া এই সরকারের উপর আছে কিনা আমরা জানি না।'
তিনি বলেন, 'শেখ হাসিনা ১৫ বছরে দেশে যে দুর্বৃত্ত রক্ষার রাজনীতি তৈরি করে গেছেন, পরবর্তীতে যেন তারই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা এ রাজনীতির বদল চাই। মানুষের পক্ষের রাজনীতি চাই।'
রফিউর রাব্বি আরও বলেন, 'হাসিনার শাসনামলে খুন, হত্যা, চাঁদাবাজি, দখল-রাহাজানির মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ত্বকীর ঘাতকরা চিহ্নিত হলেও, তারা বীরদর্পে সারা শহর দাপিয়ে বেরিয়েছে। প্রশাসন তাদের নিরাপত্তা দিয়েছে। সব কিছু জেনেও শেখ হাসিনা দুর্বৃত্তদের, ত্বকীর ঘাতকদের পক্ষ নিয়েছেন। আজকে ত্বকীর ঘাতকরা বিদেশে রাজকীয় জীবনযাপন করছে।'
তিনি বলেন, 'ত্বকী হত্যার বিচারের ১০৬টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে, দুইটি সরকারের বদল হয়েছে অথচ অভিযোগপত্র এখনো তৈরি হয় নি।'
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপন্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবির জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, বাসদ জেলা সদস্য প্রদীপ সরকার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য আহমেদুর রহমান তনু, আবৃত্তিশিল্পী ফাহমিদা আজাদ এবং সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ্র সাহা।
সমাবেশে বক্তারা ত্বকী হত্যাসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
(0)Comments