দখলকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞার জেরে পূর্ব আল-কুদসে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। একই সঙ্গে গাজ্জা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমন্বয় কেন্দ্র থেকে ব্রিটিশ প্রতিনিধিদের বহিষ্কারেরও ঘোষণা দিয়েছে দেশটি।
মঙ্গলবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করেই ব্রিটেনের বিরুদ্ধে এসব পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্ব আল-কুদসের ব্রিটিশ কনস্যুলেট জেনারেল ফিলিস্তিনিদের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আল-কুদস, পশ্চিম তীর ও গাজ্জায় ব্রিটিশ সরকারের বিভিন্ন রাজনৈতিক ও কনস্যুলার কার্যক্রমও এই মিশনের মাধ্যমে পরিচালিত হয়।
এর পাশাপাশি কিরিয়াত গাতে অবস্থিত আমেরিকার নেতৃত্বাধীন গাজ্জা সহায়তা ও সমন্বয় কেন্দ্র থেকে ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গিদিওন সার। ফলে ওই কেন্দ্রের কার্যক্রমে ব্রিটেনের অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ব্রিটিশ সাপোর্ট টিমের কার্যক্রমও বন্ধ করা হবে। পাশাপাশি কয়েকজন ব্রিটিশ নির্বাচিত প্রতিনিধি ও নাগরিকের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণাও দিয়েছেন তিনি।
ব্রিটেনের সিদ্ধান্তকে ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছেন গিদিওন সার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি।
এর আগে ব্রিটেন দখলকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। একই সঙ্গে এসব বসতিতে অর্থায়ন, নির্মাণ, অবকাঠামো ও অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের কথা জানায় লন্ডন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য ব্রিটিশ দোকান ও সুপারমার্কেটে বিক্রি হোক, সরকার তা চায় না। পশ্চিম তীরে ইসরাইলের অব্যাহত বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ব্রিটিশ সরকার।
ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স ও কানাডাও অবৈধ ইসরাইলি বসতির পণ্যের বাণিজ্যে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মোট ১২টি পশ্চিমা দেশ যৌথভাবে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলের বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে জাতিসংঘ ও বিশ্বের অধিকাংশ দেশ। তবে দখলদার ইসরাইল এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।
সূত্র : রয়টার্স
(0)Comments