কুমিল্লার বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর কাদা-মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর উড্ডা এলাকায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে স্থানীয়রা বরুড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর দুই পা বাঁধা অবস্থায় ছিল। এছাড়া তার মাথা কাদা-মাটির নিচে চাপা পড়ে ছিল। মুখমণ্ডল কাদা-মাটিতে ঢেকে থাকায় এবং মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থান থেকে ওই নারীকে এনে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর আগে বা পরে তাকে কোথা থেকে সেখানে আনা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, উত্তর উড্ডা এলাকা থেকে পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা কাদা-মাটির নিচে চাপা ছিল। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
(0)Comments