ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়কদের একজন সালমান শাহ। রূপালি পর্দায় তাঁর আবির্ভাব ছিল যেন ধূমকেতুর মতো।
সালমান শাহ শুধু একজন সফল নায়ক ছিলেন না; তিনি বদলে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের তারকাখ্যাতির সংজ্ঞা। তাঁর জনপ্রিয়তা ছিল সিনেমার পর্দা ছাড়িয়ে বাস্তব জীবনেও। মৃত্যুর পরও তাঁর সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং সময় যত গড়িয়েছে, নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন এক নস্টালজিক তারকা। তার মৃত্যুর তিন দশক পরও ঢালিউডে সালমান শাহর মতো তারকা-উন্মাদনা তৈরি করতে পেরেছেন-এমন উদাহরণ খুব কম। তার অভিনীত সিনেমা, গান ও চরিত্র এখনো দর্শকের স্মৃতিতে জীবন্ত।
প্রতি বছর ৬ সেপ্টেম্বর এলেই ভক্তদের মাঝে ফিরে আসে প্রিয় নায়কের স্মৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার ছবি, সিনেমার দৃশ্য ও গান। নানা আয়োজনেও স্মরণ করা হয় তাকে। তবে ভক্তদের ভালোবাসার পাশাপাশি সালমান শাহর মৃত্যু ঘিরে থাকা প্রশ্নগুলোর উত্তরও এখনো গুরুত্বপূর্ণ হয়ে আছে। মা নীলা চৌধুরীর দীর্ঘ অপেক্ষা এবং সত্য উদঘাটনের প্রত্যাশাও তাই আলোচনায় আসে বারবার।
সময়ের স্রোতে অনেক তারকা এসেছেন, অনেকে হারিয়েও গেছেন। কিন্তু সালমান শাহ যেন ব্যতিক্রম। মাত্র ২৪ বছরের জীবনে এবং স্বল্প সময়ের ক্যারিয়ারে যে উজ্জ্বল ছাপ তিনি রেখে গেছেন, তিন দশক পরও তা মুছে যায়নি। সালমান শাহ নেই-কিন্তু ঢালিউডের আকাশে তার সেই তারকা-দ্যুতি এখনো ঠিক আগের মতোই উজ্জ্বল।
(0)Comments